প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির তাগিদ প্রধানমন্ত্রীর; দ্রুত ‘কৃষক কার্ড’ চালুর নির্দেশ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষিকে আধুনিকায়ন এবং কৃষকদের সরাসরি সরকারি সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রকৃত কৃষকদের শনাক্ত করে প্রযুক্তির মাধ্যমে তাদের কাছে সরাসরি সেবা পৌঁছে দিতে হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় মন্ত্রিসভার সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এসময় কৃষি খাতের উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী সভায় উল্লেখ করেন, মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ কমিয়ে কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য এবং সরকারি ভর্তুকি সরাসরি হাতে পান, তা নিশ্চিত করতেই এই স্মার্ট কার্ড ব্যবস্থা প্রবর্তন করা হচ্ছে। এর ফলে কৃষি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

সভায় প্রান্তিক কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং কৃষি প্রণোদনা বিতরণ প্রক্রিয়াকে আধুনিক করার লক্ষ্যে কৃষক কার্ডের কারিগরি দিক ও ডাটাবেজ তৈরির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পের বর্তমান অবস্থা অবহিত করলে প্রধানমন্ত্রী কালক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে এই কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের দিক-নির্দেশনা দেন।

উল্লেখ্য, গত জাতীয় নির্বাচনের আগে দেশের কৃষি খাতের আমূল পরিবর্তন এবং কৃষকদের সহায়তায় বিশেষ কার্ড চালুর বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন জনাব তারেক রহমান। আজকের এই নির্দেশনার মাধ্যমে সেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এক ধাপ এগুলো সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *