মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ হয়। এসময় হাইকমিশনার বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর নবনির্বাচিত সরকারকে অভিনন্দন জানানোর জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, দুই দেশের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক শুধু আনুষ্ঠানিক কূটনীতিতে সীমাবদ্ধ নয়, বরং বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়েও এটি ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে।
সাক্ষাৎকালে হাইকমিশনার মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে উত্থাপন করেন। তিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি মানবিক ও বাস্তবসম্মত দৃষ্টিকোণ থেকে বিবেচনার অনুরোধ জানান। হাইকমিশনারের মতে, মালয়েশিয়ার অর্থনীতিতে বাংলাদেশিদের বিশাল অবদান রয়েছে এবং তাদের সুরক্ষা ও বৈধতা নিশ্চিত করা হলে দুই দেশের সম্পর্ক আরও সুসংহত হবে।
হাইকমিশনার আরও উল্লেখ করেন যে, মালয়েশিয়ায় কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। ইফতার মাহফিলের এই আয়োজনে বিভিন্ন দেশের কূটনীতিকদের উপস্থিতিতে এক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশ তৈরি হয়, যা ভবিষ্যতে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন আশার সঞ্চার করেছে।



