বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বিশ্বাস করে বহুদলীয় গণতন্ত্রে: ড. মঈন খান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতিতে নয়, বরং বহুদলীয় গণতন্ত্র ও জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খোলা হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, “আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি একটি উদার রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি এবং প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের নেতা তারেক রহমানও এই বার্তা বারবার দিয়েছেন।”

তিনি আরও উল্লেখ করেন যে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে প্রতিবাদের ঝান্ডা তুলে ধরেছিলেন, বিএনপি সেই আদর্শ ও সংসদীয় গণতন্ত্রের ধারক। আওয়ামী লীগের শাসনামলকে ‘পাথরের মতো চেপে বসা বাকশাল’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, বিএনপি সেই ধারণায় বিশ্বাসী নয়।

বক্তব্যের শেষ পর্যায়ে মঈন খান বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকা অনস্বীকার্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার যে ঐতিহাসিক বিপ্লব হয়েছে, তার মধ্য দিয়ে দেশে যে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে তা রক্ষা করতে বিএনপি বদ্ধপরিকর। জনগণের শক্তিতে বিশ্বাসী হয়েই আগামী দিনে একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *