ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি এই নতুন দর ঘোষণা করে, যা গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে।
এর আগে চলতি মাসের ২ ফেব্রুয়ারি এলপিজির দাম ১২ কেজি সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা করা হয়েছিল। তবে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর পুরোপুরি প্রত্যাহার করে। পরিবর্তে আমদানি পর্যায়ে নতুন করে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। কর কাঠামোর এই পরিবর্তনের ফলেই মূলত ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম কমানো সম্ভব হয়েছে।
একই বিজ্ঞপ্তিতে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানোর সিদ্ধান্ত জানানো হয়েছে। অটোগ্যাসের দাম প্রতি লিটারে ২৮ পয়সা কমিয়ে মূসকসহ ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ ফেব্রুয়ারি অটোগ্যাসের দাম ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ৬২ টাকা ১৪ পয়সা করা হয়েছিল।
জ্বালানি বাজারের অস্থিরতা কমাতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত এই মূল্য সমন্বয় প্রক্রিয়া চলমান থাকবে।



