বর্তমান সরকার পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময় গঠিত ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’ অত্যন্ত দক্ষ ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়েছে এবং তাদের দেওয়া সুপারিশগুলোই ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি কয়েকদিন আগে রিপোর্টটি পূর্ণাঙ্গভাবে না দেখেই কিছু কথা বলেছিলাম, যা আজ সংশোধন করতে চাই। যেহেতু একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন ইতিমধ্যে কাজ করেছে এবং তাদের রিপোর্টে প্রায় ৭০টি সুপারিশ এসেছে, তাই নতুন কমিশনের প্রয়োজন নেই।”
মন্ত্রী আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল এবং যাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা, তাদের মুখোশ উন্মোচন করা হবে। বর্তমানে বিচারাধীন মামলা ও আপিল প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে তিনি শহীদ পরিবারগুলোকে আশ্বস্ত করেন।
তদন্ত প্রতিবেদনটি জনসমক্ষে প্রকাশ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। তিনি দৃঢ়ভাবে বলেন, ভবিষ্যতে যেন এই জাতীয় নৃশংস ঘটনা আর না ঘটে, সেজন্য প্রয়োজনীয় সব প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে সরকার।



