প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতার মাহফিলে আমন্ত্রণ জামায়াতের

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে সপরিবার যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আগামী ২৮ ফেব্রুয়ারি (শনিবার) এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আন্তরিকতার সাথে এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি প্রদান করেন।

আমন্ত্রণপত্র হস্তান্তরের সময় এক সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী সরাসরি টেলিফোনে ডা. শফিকুর রহমানের সাথে কথা বলেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাক্ষাৎ ও আমন্ত্রণ বিনিময়ের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবেশ তৈরি হবে। ভবিষ্যতে সরকার ও বিরোধী দল উভয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়ন, শান্তি ও অগ্রগতিতে অবদান রাখবে—এমন আশাবাদও ব্যক্ত করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের প্রধান দুই শক্তির এই সৌহার্দ্যপূর্ণ অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *