বাংলাদেশসহ ৪০ দেশ থেকে ডিম আমদানিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এক কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে পোলট্রি মুরগির ডিম আমদানির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ বলবৎ করা হয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি এবং প্রাণিজ মহামারি সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এই তালিকা তৈরি করা হয়েছে। ২০০৪ সাল থেকে ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে নিয়মিত বিরতিতে এই নিষেধাজ্ঞা হালনাগাদ করে আসছে দেশটি। এবারের তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান (ফিলিস্তিন), চীন, যুক্তরাজ্য, মিসর এবং ভিয়েতনামের মতো দেশগুলোর নাম রয়েছে।

নিষেধাজ্ঞাভুক্ত দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মেক্সিকো এবং জাপান। অন্যদিকে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং মালয়েশিয়ার মতো ১৬টি দেশের নির্দিষ্ট কিছু রাজ্য বা শহরের ওপর আংশিক নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

সৌদি আরব এই পদক্ষেপকে ‘সাময়িক’ হিসেবে আখ্যায়িত করেছে এবং স্পষ্ট করে জানিয়েছে যে, এই বিধিনিষেধ কেবল কাঁচা ডিমের ক্ষেত্রে প্রযোজ্য। তাপ প্রক্রিয়াজাত (Heat-processed) পোলট্রি মুরগির মাংস এবং সংশ্লিষ্ট অন্যান্য পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি সাপেক্ষে এবং ঝুঁকি হ্রাস পেলে এই তালিকা পুনরায় সংশোধন করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *