বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ দাবি উত্থাপন করেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণহত্যা ঠেকাতে রাষ্ট্রপতি কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। সাংবিধানিক পদে থেকে এই ব্যর্থতার কারণে তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না। তিনি আরও বলেন, আসন্ন সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং এরপর আইনানুগ প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করতে হবে।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে রাষ্ট্রপতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি রাষ্ট্রপতির বিরুদ্ধে সরাসরি ‘শপথ ভঙ্গের’ অভিযোগ আনেন। বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসমক্ষে প্রকাশ করে সাংবিধানিক আমানত রক্ষায় ব্যর্থ হয়েছেন।
মিয়া গোলাম পরওয়ার আরও উল্লেখ করেন, রাষ্ট্রপতির এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্য জাতিকে বিভ্রান্তি ও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন ব্যক্তির এমন আচরণ রাষ্ট্রীয় মর্যাদা ও ভাবমূর্তির পরিপন্থী। জামায়াতের পক্ষ থেকে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।



