সুপ্রিম কোর্টে আওয়ামী ও বিএনপিপন্থি আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচি, হট্টগোল

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বরিশাল আদালতের এজলাস কক্ষ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে এই হট্টগোলের ঘটনা ঘটে।

এদিন দুপুরে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা মানববন্ধনের আয়োজন করেন। সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর ও সুব্রত কুণ্ডুর নেতৃত্বে তারা বরিশাল আদালতের ঘটনার বিচার দাবি করেন। অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে বিএনপিপন্থি আইনজীবীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা আইনজীবী সমিতির বিভিন্ন তলা প্রদক্ষিণ করে।

অভিযোগ উঠেছে, বিএনপির মিছিলটি যখন আওয়ামী লীগপন্থি আইনজীবীদের মানববন্ধনের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সেখান থেকে মানববন্ধনকারীদের ব্যানার ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সম্পাদক আবু সাঈদ সাগরের কক্ষে (কক্ষ নম্বর ২০২১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করার অভিযোগ ওঠে।

ভুক্তভোগী আইনজীবী আবু সাঈদ সাগর বলেন, ‘আওয়ামী লীগ সমর্থকদের জনপ্রিয়তা দেখে ভীত হয়ে একদল আইনজীবী আমার রুমে ঢুকে ছবি ভাঙচুর করেছে। আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।’

তবে ছবি ভাঙচুরের বিষয়ে সরাসরি দায় অস্বীকার করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ সমর্থক কতিপয় আইনজীবী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে কটূক্তি করেছিলেন। এর ফলে সাধারণ আইনজীবীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তবে ছবি ভাঙচুরের বিষয়ে আমার কিছু জানা নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *