৩ আসনে ভোট কারচুপির অভিযোগ; ব্যালট পেপার হাইকোর্টের হেফাজতে রাখার নির্দেশ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনে ভোট কারচুপির অভিযোগের প্রেক্ষিতে কড়া নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আসনগুলোর ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনি সরঞ্জামাদি অবিলম্বে হাইকোর্টের হেফাজতে নিয়ে আসার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেওয়া হয়েছে। আসনগুলো হলো— ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল এই আদেশ প্রদান করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই তিন আসনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে করা আবেদনের প্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নেন। জামায়াতের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত শুধুমাত্র সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশই দেননি, বরং ওই আসনগুলোতে বেসরকারিভাবে বিজয়ী হওয়া প্রার্থীদের প্রতি নোটিশ জারি করেছেন। নির্বাচনের ফলাফল ও বৈধতা নিয়ে তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত আবেদনগুলো শুনানির জন্য হাইকোর্টে এই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এখন থেকে ধারাবাহিকভাবে এ জাতীয় নির্বাচনি মামলাগুলোর শুনানি গ্রহণ করবেন। এই আদেশের ফলে ওই আসনগুলোর ফলাফল পুনরায় যাচাইয়ের একটি আইনি পথ তৈরি হলো বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *