খুলনার দিঘলিয়া উপজেলায় মুরাদ খান (৪৫) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সেনহাটী বক্সীবাড়ি কবরস্থান সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মুরাদ খান দিঘলিয়া উপজেলার হাজীগ্রামের বাসিন্দা খান মুনসুর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে খুলনা শহর থেকে কাজ সেরে নিজ বাড়িতে ফিরছিলেন মুরাদ। পথে সেনহাটী মিয়া পাড়া মসজিদের কাছাকাছি পৌঁছালে ওত পেতে থাকা একদল যুবক তার গতিরোধ করে। প্রাণ বাঁচাতে মুরাদ খান দৌড়ে নিকটস্থ একটি দোকানে আশ্রয় নেন। তবে হামলাকারীরা সেখান থেকে তাকে টেনে-হেঁচড়ে বের করে আনে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়লে অস্ত্রধারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।



