অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স ও বিনিয়োগ বাড়াতে হবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বা কর আদায়ের হার বাড়াতে হবে এবং এর মাধ্যমে বিনিয়োগ নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো দেশে কর্মসংস্থান বৃদ্ধি করা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের প্রস্তাবিত জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। তিনি জানান, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান—এই তিনটি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী বাজেট প্রণয়ন করা হচ্ছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়। এ কারণে সরকার দেশি ও বিদেশি বিনিয়োগের ওপর বিশেষ জোর দিচ্ছে।”

এর আগে বিকেল ৩টায় তিনি পতেঙ্গার মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণ করা জমি পরিদর্শনে যান। সেখানে হাসপাতাল নির্মাণের লক্ষ্যে মোট ১৪.২১৯০ একর এবং ২.৭ একর জমি সরেজমিন পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান মন্ত্রীকে জমির ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং পারিপার্শ্বিক অবকাঠামোগত সুবিধা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেন। হাসপাতালের নির্মাণ কাজ দ্রুত শুরু করার বিষয়েও সেখানে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *