প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দিয়েছেন। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেন, “দেশের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আমরা আজ এখানে একত্রিত হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা ও ত্যাগের পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, হাজার হাজার মানুষের অবর্ণনীয় নির্যাতন ও আত্মত্যাগের বিনিময়ে আজ বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে।
প্রধানমন্ত্রী দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “দেশের সাধারণ মানুষ অনেক বড় প্রত্যাশা নিয়ে আমাদের (সরকারের) দিকে তাকিয়ে আছে। আমাদের উচিত তাদের সেই আস্থার মর্যাদা দেওয়া।” এ সময় তিনি উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, “আসুন, পবিত্র রমজানের এই ক্ষণে আল্লাহর নামে আমরা শপথ নিই, যাতে আগামী দিনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা একযোগে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



