ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। মস্কো অবিলম্বে এই হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছে, উদ্ভূত পরিস্থিতিকে অবশ্যই রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে আনতে হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই অবস্থান পরিষ্কার করেছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই ধরনের ‘দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ’ মধ্যপ্রাচ্য অঞ্চলকে আরও চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে মস্কো বলেছে, বর্তমান ঘটনাপ্রবাহকে দ্রুত এবং নিরপেক্ষভাবে মূল্যায়ন করা প্রয়োজন। অন্যথায় এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রাশিয়া আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। ক্রেমলিন মনে করে, সামরিক শক্তির ব্যবহারের চেয়ে কূটনৈতিক আলোচনা এখন সময়ের দাবি।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানি ভূখণ্ডে হামলা পরিচালনা করেছে। এর প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা শুরু করেছে এবং ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে খবর পাওয়া গেছে। আল-জাজিরার বরাতে জানা যায়, এই পাল্টাপাল্টি হামলার ফলে পুরো অঞ্চলে যুদ্ধের দামামা বেজে উঠেছে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে রাশিয়ার এই বিবৃতি কূটনৈতিক সমাধানের ওপর বাড়তি গুরুত্ব আরোপ করল।



