মধ্যপ্রাচ্যের ৬ দেশে প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা: যুদ্ধ পরিস্থিতিতে দূতাবাসগুলোর বিশেষ নির্দেশনা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ওই অঞ্চলের ছয়টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসগুলো। দেশগুলো হলো— লেবানন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ইরাক।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) পৃথক বিজ্ঞপ্তিতে দূতাবাসগুলো জানায়, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকা, জনসমাগম বা সভা-সমাবেশ এড়িয়ে চলা এবং অতিপ্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ স্থানে অবস্থানের আহ্বান জানিয়েছে মিশনগুলো।

দূতাবাসের নির্দেশনায় প্রবাসীদের সব সময় প্রয়োজনীয় কিছু জিনিস সঙ্গে রাখার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে— পাসপোর্ট, স্থানীয় আইডি কার্ড (সিভিল আইডি/ইকামা), হেলথ ইনস্যুরেন্স কার্ড, নগদ টাকা, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক এবং পর্যাপ্ত শুকনো খাবার ও পানি।

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রবাসীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির কোনো ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা বা ভিত্তিহীন সংবাদ প্রচার করা সংশ্লিষ্ট দেশগুলোর প্রচলিত আইনের পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে প্রবাসীদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

লেবাননে অবস্থানরত প্রবাসীদের জন্য অতিরিক্ত সতর্কতা হিসেবে জানানো হয়েছে, দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চল (বেক্কা ভ্যালি) এবং রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল (দাহিয়ে) ও এর নিকটবর্তী এলাকাগুলোতে যাতায়াত সীমিত রাখতে হবে। এছাড়া রাতে চলাফেরা সম্পূর্ণ এড়িয়ে চলতে বলা হয়েছে।

যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের জন্য দেশভিত্তিক হটলাইন নম্বর ও ইমেইল ঠিকানা উন্মুক্ত করা হয়েছে:

  • লেবানন: ৭১২১৭১৩৯ (হোয়াটসঅ্যাপ), ৮১৭৪৪২০৭, ৭০৬৩৫২৭৮
  • কাতার: +৯৭৪ ৩৩৩৬২০০০ , ই–মেইল: mission.doha@mofa.gov.bd
  • সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি): +৯৭১ ৫৬ ৬১১ ৭২১৫, +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬ , ই–মেইল: mission.abudhabi@mofa.gov.bd
  • সংযুক্ত আরব আমিরাত (দুবাই): +৯৭১ ৫০ ৮১৬ ৮২৫৩, +৯৭১ ৫০ ৮১৬ ৮৩৬৩ , ই–মেইল: mission.dubai@mofa.gov.bd
  • কুয়েত: +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪ , ই–মেইল: mission.kuwait@mofa.gov.bd
  • বাহরাইন: +৯৭৩ ৩৩৩৭৫১৫৫ , ইমেইল: mission.manama@mofa.gov.bd
  • ইরাক: +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০ (হোয়াটসঅ্যাপ) , ই–মেইল: mission.baghdad@mofa.gov.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *