ইরানসহ মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সার্বিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে এক বৈঠকে তিনি এই তৎপরতা জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের বর্তমান অবস্থা এবং উদ্ভূত পরিস্থিতিতে ফ্লাইট বাতিলের ফলে সৃষ্ট জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেছেন। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট জটিলতায় আটকে পড়া যাত্রীদের সঠিক দেখভালের জন্য বিমান প্রতিমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীকে সার্বক্ষণিক তদারকির নির্দেশ দিয়েছেন তিনি।
সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে আসার পর প্রধানমন্ত্রী একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে বৈঠকে তিনি ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেন। বৈঠক শেষে মন্ত্রী জানান, ঢাকায় যেকোনো বড় দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী ১ লাখ দক্ষ স্বেচ্ছাসেবক তৈরির বিশেষ নির্দেশনা দিয়েছেন।
এছাড়া, বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। যুদ্ধকালীন সংকটে দেশের অভ্যন্তরে যাতে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত না হয়, সে বিষয়ে আগাম প্রস্ততি নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।



