উপসাগরীয় অঞ্চলে উদ্ভূত সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তাজনিত সতর্কবার্তা জারি করেছে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। রবিবার (১ মার্চ) এক নির্দেশনামূলক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের ওমানি কর্তৃপক্ষ ও দূতাবাসের দেওয়া সব পরামর্শ কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান আঞ্চলিক অস্থিরতার কারণে ওমানে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ওমানি প্রশাসন এবং মাস্কাটস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক সময় সময় জারি করা সব সুরক্ষা নির্দেশাবলী এবং পরামর্শ গুরুত্বের সঙ্গে অনুসরণ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। এই অবস্থায় বিড়ম্বনা পরিহারে ওমান ত্যাগের অপেক্ষায় থাকা সব যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাদের সংশ্লিষ্ট বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
ওমানে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক জরুরি প্রয়োজনে বা কোনো সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিক সহায়তার জন্য দূতাবাসের নিম্নলিখিত হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে:
- জরুরি হটলাইন ১: +৯৬৮ ৯১৯৮০৬২১
- জরুরি হটলাইন ২: +৯৬৮ ৯১৯৯৭৮৫২



