শাহ আমানত বিমানবন্দরে ৩ দিনে ২৫ ফ্লাইট বাতিল; অনিশ্চয়তায় হাজারো প্রবাসী যাত্রী।

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের আকাশপথে। সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের আকাশসীমা (Flight Information Region – FIR) এবং প্রধান এয়ারফিল্ডগুলো বন্ধ করে দেওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত তিন দিনে ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুরে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সোমবারই বাতিল হয়েছে ৫টি ফ্লাইট। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ও ইউএস বাংলা এয়ারলাইনসের একটি মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট। এছাড়া একটি অ্যারাইভাল ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার একটি আউটগোয়িং ফ্লাইটও বাতিল ঘোষণা করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সম্পূর্ণ বা আংশিক বন্ধ করে দিয়েছে। এর ফলে চট্টগ্রাম থেকে এই দেশগুলোতে নিয়মিত যাতায়াতকারী ফ্লাইটগুলো পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে।

গত শনিবার থেকে সোমবার পর্যন্ত গত তিন দিনের হিসাব অনুযায়ী, শাহ আমানত বিমানবন্দর থেকে সর্বমোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রা বাতিল হয়েছে। আকস্মিক এই সিদ্ধান্তের ফলে কয়েক হাজার প্রবাসী যাত্রী বিমানবন্দরে এসে বিড়ম্বনার শিকার হচ্ছেন। অনেক এয়ারলাইনস তাদের যাত্রীদের বিকল্প সময়ের জন্য অপেক্ষা করতে বললেও পরিস্থিতির দ্রুত উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

Leave a Reply