রাজধানীর যানজট সমস্যার স্থায়ী ও বৈজ্ঞানিক সমাধানের লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলী ও দেশের শীর্ষস্থানীয় পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. শামসুল হকের নেতৃত্বাধীন একটি দলের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ঢাকার যানজট কমিয়ে জনজীবন স্বস্তিদায়ক করতে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিবর্তনের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করেন। বিশেষজ্ঞ দল রাজধানীর বিদ্যমান ট্রাফিক ব্যবস্থার ত্রুটি এবং তা কাটিয়ে ওঠার আধুনিক নকশা ও ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
একই দিনে প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে অবস্থিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলের সংস্কার ও স্থাপত্য উন্নয়নের বিষয়ে দেশের বিশিষ্ট স্থপতিদের সঙ্গে বৈঠক করেন। সমাধিস্থল এলাকাকে যথাযথ মর্যাদায় ও আধুনিক স্থাপত্যশৈলীর মাধ্যমে সাজিয়ে তোলার বিষয়ে তিনি দিক-নির্দেশনা দেন।
সচিবালয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী প্রশাসনিক কাজের গতিশীলতা নিশ্চিত করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে পৃথক দুটি বৈঠক করেন। এসব বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, আজ সকাল ৯টা ১৩ মিনিটে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিয়মিতভাবে সচিবালয়ে উপস্থিত থেকে দাফতরিক কাজ ও গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভায় অংশ নিচ্ছেন।



