রাজশাহীর পুঠিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় গণপিটুনি: ১ ডাকাত নিহত, আহত ৭

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় সংঘবদ্ধ একটি ডাকাত দলকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়েছেন স্থানীয় গ্রামবাসী। এতে শাহীন (৫৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন এবং বাকি সাতজন গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে একটি ট্রাক ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাত দলটি উপজেলার পলাশি গ্রামে ডাকাতির উদ্দেশ্যে হানা দেয়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে গ্রামবাসী চারপাশ থেকে ঘিরে ফেলে আটজনকে আটক করেন। এরপর উত্তেজিত জনতা তাদের বেঁধে গণপিটুনি দেয়।

নিহত মো. শাহীনের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামে। আহত বাকি সাতজনের বাড়ি দেশের বিভিন্ন স্থানে বলে জানিয়েছে পুলিশ। রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস জানান, আহতদের মধ্যে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে; বাকিদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

পুলিশ আরও জানিয়েছে, নিহত ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সংঘবদ্ধ এই ডাকাত দলের বিরুদ্ধে পূর্বের কোনো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *