গণভোট রাজনৈতিক ইস্যু, সমাধান আদালতে নয় সংসদেই হওয়া উচিত: জামায়াতে ইসলামী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

গণভোটের বৈধতা নিয়ে চলমান আইনি বিতর্কের প্রেক্ষাপটে নিজেদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ মার্চ) রাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা বলেন, গণভোট একটি জাতীয় ও রাজনৈতিক ইস্যু। এর সমাধান আদালতের কাঁধে না রেখে বরং আগামী ১২ মার্চ শুরু হতে যাওয়া জাতীয় সংসদে আলোচনা করা উচিত।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে এবং ভবিষ্যতে ফ্যাসিবাদের পথ বন্ধ করতে সংস্কার প্রস্তাবের ৪৮টি বিষয়ের ওপর গণভোট আয়োজন করা হয়েছিল। দুই-তৃতীয়াংশের বেশি ভোটে যা গৃহীত হয়েছে। তিনি অভিযোগ করেন, সংসদ সদস্যদের শপথের সময় গণপরিষদ হিসেবে সংবিধান সংশোধনের দায়িত্ব পালনের যে শপথ নেওয়ার কথা ছিল, বিএনপির এমপিরা তা গ্রহণ করেননি।

দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এই রিট আবেদনের সময়জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চ্যালেঞ্জ করার প্রয়োজন না হলেও, সংসদের মাত্র ১০ দিন আগে কেন এত তাড়াহুড়ো? এর পেছনে সরকারের ইন্ধন ও কৌশল স্পষ্ট দেখা যাচ্ছে।” তিনি আরও যুক্ত করেন যে, গণঅভ্যুত্থান কিংবা অন্তর্বর্তী সরকার আদালতের নিয়ম মেনে হয়নি, তাহলে এখন কেন শুধু গণভোটের অংশটুকুকে চ্যালেঞ্জ করা হচ্ছে?

জামায়াত নেতারা সতর্ক করে বলেন, অতীতে রাজনৈতিক বিষয় যখনই আদালতে নেওয়া হয়েছে, তখনই দেশে সংকট ও বিপর্যয় তৈরি হয়েছে। তাই তারা জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমেই এই গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুর ফয়সালা করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *