ইরানের সাথে আপস সম্ভব নয়, চুক্তি থেকে বারবার পিছিয়ে গেছে তারা— হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই তেহরানের সাথে যেকোনো ধরনের আপসের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২ মার্চ) হোয়াইট হাউসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি দাবি করেন, ইরানি শাসকদের সঙ্গে চুক্তি করা সম্ভব নয় কারণ তারা বারবার নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়িয়েছে।

আল-জাজিরার বরাতে জানা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিস্থিতির জন্য তার পূর্বসূরি বারাক ওবামা প্রশাসনকেও কড়া সমালোচনা করেন। তার মতে, ওবামা প্রশাসনের করা পারমাণবিক চুক্তির মাধ্যমেই ইরান বৈধভাবে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ পেয়েছিল, যা বর্তমান সংঘাতের অন্যতম প্রধান কারণ। ট্রাম্প একে “বোকামি চুক্তি” হিসেবে অভিহিত করেন।

নিজের কঠোর অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, “আমরা ভেবেছিলাম একটি চুক্তি হয়েছে, কিন্তু তারা পিছিয়ে গেল। এরপর তারা আবার আলোচনায় ফিরে এল, আমরা ভাবলাম চুক্তি হয়েছে, তারা আবারও পিছিয়ে গেল। আমি বললাম, ‘এই লোকদের সঙ্গে আপনি কোনো চুক্তি করতে পারবেন না’।”

তিনি আরও জোর দিয়ে বলেন যে, ইরান যেন তাদের সীমান্তের বাইরে কোনো সশস্ত্র বাহিনীকে অর্থায়ন বা পরিচালনা করতে না পারে, তা নিশ্চিত করতেই বর্তমান সামরিক অভিযান চালানো হচ্ছে। আলোচনার টেবিল ব্যর্থ হওয়ায় এখন “সঠিক পদ্ধতিতেই” (সামরিক হামলা) তেহরানকে মোকাবিলা করা হবে বলে তিনি সাফ জানিয়ে দেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিলেন যে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান আরও দীর্ঘস্থায়ী বা তীব্রতর হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *