‘অটোপাস’ অতীত, নকলমুক্ত পরীক্ষায় কঠোর শিক্ষামন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং মেধাভিত্তিক সমাজ গড়তে কঠোর অবস্থান নিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি স্পষ্ট ঘোষণা দেন যে, শিক্ষা ব্যবস্থায় ‘অটোপাশের’ আর কোনো সুযোগ দেওয়া হবে না।

সভায় শিক্ষামন্ত্রী ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, পরীক্ষা চলাকালীন কোনো সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন সংক্রান্ত কনটেন্ট আপলোড হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এ বিষয়ে নতুন আইনও প্রণয়ন করা হবে।

পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিতে শিক্ষামন্ত্রী কয়েকটি কঠোর নির্দেশনা দেন: ১. বডি সার্চ: পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় যথাযথ শরীর তল্লাশি নিশ্চিত করতে হবে। ২. টয়লেটে নজরদারি: পরীক্ষা কেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলেও তার দায় সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে নিতে হবে। ৩. ব্যবহারিক মূল্যায়ন: ল্যাব বা ব্যবহারিক পরীক্ষায় সবাইকে গড় নম্বর দেওয়ার যে প্রচলিত প্রথা রয়েছে, তা বন্ধ করে প্রকৃত দক্ষতার ভিত্তিতে নম্বর দেওয়ার নির্দেশ দেন তিনি।

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের উপস্থিতিতে মিলন আরও জানান, যেসব জেলায় জিলা স্কুল নেই, সেখানে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উচ্চমাধ্যমিক স্কুলের আদলে নতুন জিলা স্কুল প্রতিষ্ঠা করা হবে। এছাড়া নকলের কুফল সম্পর্কে জনসচেতনতা তৈরিতে জেলা পর্যায়ে ‘মোটিভেশনাল মিটিং’ বা উদ্বুদ্ধকরণ সভা করারও পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *