ফরিদপুরের বোয়ালমারীতে রাস্তার ইট তুলে মাটি বিক্রির হিড়িক: এলাকাবাসীর ক্ষোভ, ভেকু আটক

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নে সরকারি রাস্তা নষ্ট করে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার তেলজুড়ী বিশ্বাসপাড়া-খালপাড় এলাকার একটি ইটের সলিং রাস্তার ইট তুলে ফেলে মাটি বহন করায় চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি ব্যবসায়ী আফতাব ও হারুন খালপাড়ের সলিং রাস্তার বিভিন্ন অংশ থেকে ইট সরিয়ে সেই পথে ট্রলির মাধ্যমে মাটি বহন করছেন। এই মাটি তারা বিভিন্ন ভরাট কাজের জন্য বিক্রি করছেন। এলাকাবাসীর অভিযোগ, সরকারি অর্থে নির্মিত এই রাস্তাটি ধ্বংস করে ব্যক্তিগত মুনাফা লুটছেন ওই ব্যবসায়ীরা। ইট পুনঃবিছানো ছাড়াই তারা কাজ শেষ করে সটকে পড়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা একটি খননযন্ত্র (ভেকু) আটক করে রাখে। এলাকাবাসীর দাবি, রাস্তা আগের অবস্থায় না ফিরিয়ে দিলে তারা ভেকু ছাড়বেন না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাটি ব্যবসায়ী হারুন নিজে ইট তোলার কথা অস্বীকার করে বলেন, “ইট উঠিয়েছে শফিক মেম্বার।” তবে এ বিষয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমেদ জানান, তিনি বিষয়টি এক সপ্তাহ আগেই জানতে পেরেছেন এবং উপজেলা প্রশাসনকে অবহিত করেছেন। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “কেন এবং কীভাবে রাস্তার ইট তোলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *