যশোরের চৌগাছায় অনুমতি ছাড়া পুকুর খনন, অর্ধলাখ টাকা জরিমানা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

অনুমতি ছাড়া পুকুর খনন ও সেই মাটি অন্যত্র বিক্রির অভিযোগে যশোরের চৌগাছায় মিলন হোসেন (২২) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলার হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রাপুর গ্রামে প্রশাসনের অনুমতি ছাড়াই পুকুর সংস্কারের নামে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি নজরে এলে গ্রামের জনৈক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ জানান। সেখান থেকে তাৎক্ষণিকভাবে চৌগাছা থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে চৌগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) নুরুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার স্কেভেটর এবং কয়েকটি ট্রাক জব্দ করে।

পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারায় অভিযুক্ত মিলন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ জানান, ৯৯৯-এ অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশের ক্ষতি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *