সারাদেশে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আধুনিকায়ন ও সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জনগণের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও সহজ সেবা নিশ্চিতে ‘ই-হেলথ’ কার্ড চালুর কার্যক্রম দ্রুত শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার তাগিদ দিয়ে বলেন, সরকারের মূল লক্ষ্য হলো চিকিৎসাসেবা সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসা।

বৈঠকে চিকিৎসাসেবার পরিধি বাড়াতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অধীনে থাকা পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। বিশেষভাবে উল্লেখ করা হয় যে, শুধুমাত্র স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রায় ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এই ধরনের সব ভবন সংস্কার করে সেগুলোকে দ্রুত ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র হিসেবে রূপান্তর করতে হবে।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত, সংশ্লিষ্ট উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার ফলে দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো ও সেবা প্রাপ্তি আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *