নিরাপত্তা শঙ্কায় আবুধাবি ও দুবাইয়ে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তাপে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত নিজেদের দূতাবাস ও কনস্যুলেট জেনারেল অফিস বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩ মার্চ) সশস্ত্র সংঘাতের আশঙ্কায় আবুধাবির মার্কিন দূতাবাস এবং দুবাইয়ের কনস্যুলেট অফিস থেকে সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক নির্দেশনায় জানিয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে জরুরি নন এমন সরকারি কর্মচারীদের অবিলম্বে সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুটি কূটনৈতিক মিশনের সব ধরনের কনস্যুলার সেবা বন্ধ থাকবে। এর মধ্যে বিদেশি নাগরিকদের ভিসা এবং আমেরিকানদের পাসপোর্ট নবায়ন সেবাও অন্তর্ভুক্ত রয়েছে। মিশন কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত কোনো নাগরিককে দূতাবাস বা কনস্যুলেট প্রাঙ্গণে না আসার জন্য অনুরোধ করা হয়েছে।

ইতিমধ্যে যারা দেশত্যাগের পরিকল্পনা করছেন, তাদের আকাশপথ ছাড়াও ওমান ও সৌদি আরবের স্থল সীমান্ত ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে যারা এই মুহূর্তে দেশ ছাড়তে পারছেন না, তাদের নিজ নিজ বাসস্থান বা হোটেলে অবস্থান করতে এবং জানালা থেকে দূরে থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শুধুমাত্র জরুরি প্রয়োজন যেমন—খাদ্য, পানি বা ওষুধ সংগ্রহের জন্য তাদের বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বাহরাইন, কুয়েত, মিশর, লেবানন, ইরান, ওমান, কাতার, ইসরায়েল এবং সৌদি আরবসহ ১৫টি দেশে অবস্থানরত নিজ নাগরিকদের বাণিজ্যিক উপায়ে দ্রুত সংশ্লিষ্ট দেশ ছাড়ার সতর্কতা জারি করেছে। কোনো নাগরিকের সাহায্যের প্রয়োজন হলে তাদের অনলাইনে ‘ক্রাইসিস ইনটেক ফর্ম’ পূরণ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *