কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি ও টাস্কফোর্স

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

কুমিল্লায় সীমান্ত অপরাধ দমন ও চোরাচালান বিরোধী অভিযানে ২ কোটি ৫৯ লাখ ৫০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। মঙ্গলবার (৩ মার্চ) রাতে কুমিল্লা সদর ও আদর্শ উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। বুধবার (৪ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি বিষয়টি নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, মঙ্গলবার রাতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালমান ফার্সির উপস্থিতিতে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা মূল্যের বাজি, কসমেটিকস ও ফুচকা জব্দ করা হয়।

এর বাইরেও কুমিল্লার আদর্শ উপজেলার পালপাড়া এবং জোড়া ব্রিজ এলাকায় বিজিবির বিশেষ টহল দল পৃথক অভিযান চালায়। সেখান থেকে আরও ৯৫ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ভারতীয় বাজি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত চোরাচালানী মালের মোট বাজারমূল্য ২ কোটি ৫৯ লাখ ৫০০ টাকা।

বিজিবি সূত্র আরও নিশ্চিত করেছে যে, জব্দকৃত এই বিশাল অবৈধ পণ্যের চালান বিধি মোতাবেক কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এই ধরনের নিয়মিত ও যৌথ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *