ইরান যুদ্ধ ‘ঈশ্বরের পরিকল্পনা’: মার্কিন সেনাদের উগ্র খ্রিষ্টান ধর্মীয় বয়ান দেওয়ার অভিযোগ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক উত্তেজনাকে কেন্দ্র করে মার্কিন সশস্ত্র বাহিনীতে উগ্র ধর্মীয় বয়ান ছড়িয়ে দেওয়ার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন সামরিক কমান্ডাররা ইরান যুদ্ধকে জায়েজ করতে সেনাদের সামনে বাইবেলে বর্ণিত ‘শেষ জমানা’ বা ‘আর্মাগেডন’-এর তত্ত্ব তুলে ধরছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন (এমআরএফএফ) জানিয়েছে, তারা নৌবাহিনী, বিমানবাহিনী ও স্পেস ফোর্সসহ বিভিন্ন শাখা থেকে ২০০টিরও বেশি লিখিত অভিযোগ পেয়েছে। একজন নন-কমিশনড অফিসার (এনসিও) জানিয়েছেন, তাদের কমান্ডার সুনির্দিষ্টভাবে বাইবেলের উদ্ধৃতি দিয়ে দাবি করেছেন যে, এই যুদ্ধ ‘ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনার অংশ’। এমনকি যিশুখ্রিষ্টের পৃথিবীতে প্রত্যাবর্তন নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে এই যুদ্ধের আগুন জ্বালানোর জন্য স্বয়ং ঈশ্বর মনোনীত করেছেন বলেও সেনাদের বলা হচ্ছে।

এমআরএফএফ-এর প্রেসিডেন্ট ও সাবেক বিমানবাহিনী কর্মকর্তা মাইকি ওয়াইনস্টাইন গার্ডিয়ানকে বলেন, মার্কিন সামরিক বাহিনীর ওপর একটি খ্রিষ্টান জাতীয়তাবাদী গোষ্ঠী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। তিনি উল্লেখ করেন, সামরিক বাহিনীতে ঊর্ধ্বতনের নির্দেশ অমান্য করা কঠিন হওয়ায় সাধারণ সেনারা এই ধর্মীয় চাপ সহ্য করতে বাধ্য হচ্ছেন। ১৫ জন সেনাসদস্যের পক্ষ থেকে দাখিল করা একটি অভিযোগে দেখা গেছে, অভিযোগকারীদের মধ্যে খ্রিষ্টান ছাড়াও মুসলিম ও ইহুদি ধর্মাবলম্বী সেনাও রয়েছেন।

বিশ্লেষকদের মতে, এই ধরনের কর্মকাণ্ড গির্জা ও রাষ্ট্র পৃথক্‌করণের মার্কিন নীতির সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে বর্তমান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নিজেই খ্রিষ্টান জাতীয়তাবাদের সমর্থক হিসেবে পরিচিত হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। পেন্টাগন এই গুরুতর অভিযোগের সরাসরি কোনো উত্তর না দিয়ে কেবল প্রতিরক্ষামন্ত্রীর কিছু ভিডিও বক্তব্য পাঠিয়ে দায় সেরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *