মাগুরায় আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনের এক ঘণ্টায় আগুন, সহ-সভাপতিসহ আটক ৩

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনের এক ঘণ্টা পার হতে না হতেই তাতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৫টার দিকে শহরের জামরুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ তিনজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়টি দলীয় পতাকা উত্তোলন, দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সহ-সভাপতি মো. এনামুল হক হিরোক। উদ্বোধনের কিছুক্ষণ পরই স্থানীয় উত্তেজিত জনতা ওই এলাকায় জড়ো হয়ে কার্যালয়টিতে হামলা চালায়। এসময় তারা অফিসটিতে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর চালায়, যার ফলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন— জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. এনামুল হক হিরোক (৫২), জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোছা. সোনিয়া সুলতানা (৪০) এবং আওয়ামী লীগ কর্মী মো. উসমান (৩১)।

মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত দলীয় কার্যালয় উদ্বোধনের জেরে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আটককৃতদের মাগুরা সদর থানায় রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *