ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আসনের ফলাফল নিয়ে দায়ের করা আবেদনের প্রেক্ষিতে প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এই গুরুত্বপূর্ণ আদেশ দেন।
আদালতে বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক ও অ্যাডভোকেট হাসানুল আলম। শুনানির পর অ্যাডভোকেট হাসানুল আলম সাংবাদিকদের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী ঘোষিত হন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী কপিল কৃষ্ণ পেয়েছিলেন ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট। আসনের ১৪৭টি কেন্দ্রের ঘোষিত ফলাফলের মধ্যে কিছু নির্দিষ্ট কেন্দ্রের তথ্য নিয়ে আপত্তি তুলেছিলেন কপিল কৃষ্ণ। প্রথমে নির্বাচন কমিশনে আবেদন করে প্রতিকার না পাওয়ায় তিনি হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাগেরহাটের ৪টি আসনের মধ্যে ৩টিতেই জামায়াতের প্রার্থীরা জয়ী হন। এর মধ্যে বাগেরহাট-২ আসনে শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং বাগেরহাট-৪ আসনে আব্দুল আলিম জয়ী হয়েছেন। অন্যদিকে, বাগেরহাট-৩ আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম বিজয়ী হন। হাইকোর্টের আজকের এই আদেশের পর বাগেরহাট-১ আসনের চূড়ান্ত ফলাফল নিয়ে নতুন করে রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে।



