ইরানে সাম্প্রতিক জোরালো সামরিক অভিযান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যদি সময়মতো হামলা চালানো না হতো, তবে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ইরান একটি পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেতো। বুধবার হোয়াইট হাউসে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প তার বক্তব্যে বলেন, “আমরা যদি দুই সপ্তাহের মধ্যে হামলা না করতাম, তাহলে তারা একটি পারমাণবিক অস্ত্র পেয়ে যেতো। পাগলাটে মানুষদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে সবসময়ই খারাপ কিছু ঘটে।” উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের অভ্যন্তরে আকস্মিক যৌথ হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের খবর অনুযায়ী, ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন।
ইরান দীর্ঘদিন ধরে তাদের পারমাণবিক কর্মসূচিকে ‘শান্তিপূর্ণ’ দাবি করে আসলেও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) ভিন্ন সুর তুলেছে। সংস্থাটির মহাপরিচালক সম্প্রতি জানান যে, তারা ইরানের এই শান্তিপূর্ণ দাবির বিষয়টি নিশ্চিত করতে পারছেন না। আইএইএ-র মতে, তেহরান পারমাণবিক বোমা বানাচ্ছে এমন সরাসরি প্রমাণ না মিললেও তারা প্রায় অস্ত্রমাত্রার কাছাকাছি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার দিচ্ছে না, যা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মূলত পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে তেহরানকে বিরত রাখাই এই অভিযানের মূল লক্ষ্য ছিল বলে ওয়াশিংটনের পক্ষ থেকে স্পষ্ট করা হলো।



