দক্ষ জনশক্তি গড়তে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দেশব্যাপী ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, বেকার তরুণ-তরুণীদের বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়ে বলেন, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের ভাষা রপ্ত করা জরুরি। এ জন্য দেশি ও বিদেশি শিক্ষকদের সমন্বয়ে উন্নতমানের ভাষা শিক্ষা কেন্দ্র গড়ে তুলতে হবে, যাতে আমাদের তরুণরা আন্তর্জাতিক শ্রমবাজারে সহজেই খাপ খাওয়াতে পারে।

বৈঠকে প্রবাসী কর্মীদের অর্থনৈতিক নিরাপত্তার বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দেন যে, বিদেশে যাওয়ার খরচ মেটাতে কোনো কর্মীকে যেন নিজের শেষ সম্বল বা সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়। এর পরিবর্তে প্রবাসী কল্যাণ ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে ও সহজ প্রক্রিয়ায় ঋণের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন তিনি।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের ফলে প্রবাসী আয় বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *