‘আপনার প্ল্যান-এ ব্যর্থ, প্ল্যান-বি হবে আরও ভয়াবহ’: ট্রাম্পকে হুঁশিয়ারি আরাঘচির

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মুখে পিছু না হটে উল্টো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন।

ইরানের শীর্ষ এই কূটনীতিক ট্রাম্পকে উদ্দেশ্য করে লেখেন, “মি. প্রেসিডেন্ট, আপনার দ্রুত সামরিক বিজয়ের জন্য ‘প্ল্যান এ’ ব্যর্থ হয়েছে। আপনার ‘প্ল্যান বি’ হবে আগের তুলনায় আরও খারাপ।” আরাঘচির এই মন্তব্য থেকে স্পষ্ট যে, ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে তাদের সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হিসেবে দেখছে এবং যেকোনো নতুন অভিযানের মোকাবিলায় তারা আরও কঠোর প্রস্তুতি নিয়ে রেখেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহতের খবরের পর ট্রাম্প প্রশাসন মনে করেছিল তেহরান দ্রুত আত্মসমর্পণ করবে। কিন্তু আরাঘচির এই পোস্ট ইঙ্গিত দিচ্ছে যে, ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত এবং তারা ওয়াশিংটনকে কোনো ছাড় দিতে রাজি নয়।

বিশ্লেষকদের মতে, আরাঘচির এই সরাসরি হুমকি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে যুদ্ধের এক নতুন ও ভয়াবহ ধাপে নিয়ে যেতে পারে। তেহরান বারবারই দাবি করছে যে, তারা যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *