কক্সবাজারের রামুতে ৫ লাখ টাকার জাল নোটসহ তরুণ আটক; তৈরির সরঞ্জাম জব্দ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

কক্সবাজারের রামু উপজেলায় জাল টাকা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল নোটসহ মো. ইমরান (২৩) নামে এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মেরংলোয়া আমতলিয়া পাড়ার একটি বাড়িতে এই অভিযান চালানো হয়।

আটককৃত মো. ইমরান যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার লুৎফর রহমানের ছেলে। কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেরংলোয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায় ডিবির একটি বিশেষ দল। অভিযানে ওই ঘর থেকে এক হাজার ও পাঁচশ টাকা মূল্যমানের প্রায় ৫ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়। এছাড়া জাল নোট তৈরির জন্য ব্যবহৃত বিশেষ কাগজ, রং ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ওসি মছিউর রহমান জানান, আটককৃত তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এই চক্রের সাথে আর কে কে জড়িত এবং তারা কতদিন ধরে এই এলাকায় জাল নোট তৈরি করে আসছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *