যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা: রাশিয়া ও চীনের ভূমিকা নিয়ে যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের মধ্যে ইরানের দুই শক্তিশালী মিত্র রাশিয়া ও চীনের ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল তুঙ্গে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মুখে ইরান কি তার মিত্রদের কাছ থেকে কোনো সামরিক সহায়তা পাচ্ছে? মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এই প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কিছুটা রহস্য বজায় রেখে বলেন, “তারা (রাশিয়া ও চীন) আমাদের রাজনৈতিক ও অন্যদিক দিয়েও সাহায্য করছে।” তবে চলমান পরিস্থিতিতে এই ‘অন্যান্য’ সহায়তার মধ্যে সামরিক সাহায্য অন্তর্ভুক্ত কি না, তা তিনি খোলসা করেননি।

অন্যদিকে, মস্কোর পক্ষ থেকে এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইরান এখন পর্যন্ত রাশিয়ার কাছে কোনো প্রকার সামরিক বা অস্ত্র সহায়তার আবেদন জানায়নি। গত বছর দুই দেশের মধ্যে ২০ বছরের দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হলেও বর্তমান যুদ্ধে রাশিয়ার সরাসরি সংশ্লিষ্টতার কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি বলে তিনি উল্লেখ করেন। পেসকভ জোর দিয়ে বলেন, “আমাদের ধারাবাহিক অবস্থান সবার জানা এবং এ বিষয়ে কোনো পরিবর্তন হয়নি।”

এদিকে পেন্টাগন এই দুই পরাশক্তির ভূমিকা নিয়ে খুব একটা চিন্তিত নয় বলে আভাস দিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে বলেন, এই সংঘাতে রাশিয়া বা চীন প্রকৃতপক্ষে কোনো বিবেচ্য বিষয় নয় এবং যুক্তরাষ্ট্রের বিরোধ সরাসরি তাদের সাথে নয়।

বিশ্লেষকদের মতে, রাশিয়া ও চীন প্রকাশ্যে মার্কিন আগ্রাসনের নিন্দা জানালেও সরাসরি যুদ্ধে জড়ানো থেকে বিরত রয়েছে। তবে ইরানকে দেওয়া তাদের ‘রাজনৈতিক ও অন্যান্য’ সমর্থন ওয়াশিংটনের ওপর এক ধরণের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *