কক্সবাজার শহরের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্প সংলগ্ন দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গণেশ পাল (৩৫) নামের এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গণেশ পাল ওই এলাকার বিশ্বনাথ পালের ছেলে এবং শহরের বড়বাজারের একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গণেশ পাল তাঁর নবনির্মিত বাড়িতে একটি সেপটিক ট্যাংক বসানোর কাজ করাচ্ছিলেন। এসময় প্রতিবেশী ও স্থানীয়ভাবে অপরাধী হিসেবে পরিচিত জিশান নামের এক যুবক তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। এ নিয়ে এর আগেও কয়েক দফা বাগবিতণ্ডা হয়েছিল। শনিবার বিকেলে পুনরায় চাঁদার টাকা নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে জিশান উত্তেজিত হয়ে গণেশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী গণেশের স্ত্রী শেফালী পাল জানান, জিশান ও তার সাথে থাকা আরও এক যুবক গণেশকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় গণেশকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “প্রাথমিক অনুসন্ধানে আমরা নিশ্চিত হয়েছি যে, জিশান নামের এক ব্যক্তি গণেশ পালের কাছে টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় কথা কাটাকাটির একপর্যায়ে গণেশকে দুইবার ছুরিকাঘাত করা হয়।” ওসি আরও জানান, অভিযুক্ত জিশান এবং তার সাথে থাকা অন্য যুবককে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযানে নেমেছে।
এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



