ব্রিটেনের যুদ্ধজাহাজ প্রয়োজন নেই, স্টারমারকে পরিস্কার বার্তা ট্রাম্পের

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ব্রিটেনের পক্ষ থেকে দুটি বিমানবাহী রণতরি পাঠানোর সম্ভাব্য পরিকল্পনাকে সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে যুদ্ধের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, তাই এখন আর কারো সাহায্যের প্রয়োজন নেই।

ফ্লোরিডা যাওয়ার পথে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, “আমাদের এক সময়ের মহান মিত্র যুক্তরাজ্য অবশেষে মধ্যপ্রাচ্যে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর চিন্তা করছে। ঠিক আছে প্রধানমন্ত্রী স্টারমার, আমাদের এখন আর এগুলোর প্রয়োজন নেই—তবে বিষয়টি আমাদের মনে থাকবে। যারা যুদ্ধ জয়ের পর তাতে যোগ দিতে চায়, তাদের আমাদের দরকার নেই!”

মূলত ইরান ইস্যুতে দুই দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয় যখন কিয়ার স্টারমার ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে ইরানে মার্কিন হামলার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর থেকেই স্টারমারের ওপর বিরক্ত ট্রাম্প। দ্য সান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই অবস্থানকে ‘অসহযোগিতামূলক’ বলে মন্তব্য করেন।

ট্রাম্প আরও বলেন, “তিনি (স্টারমার) মোটেও সহায়ক ছিলেন না। আমি ভাবতেও পারিনি যে যুক্তরাজ্যের কাছ থেকে এমন কিছু দেখতে হবে।” উল্লেখ্য, দীর্ঘদিনের মিত্র হওয়া সত্ত্বেও সাম্প্রতিক কূটনৈতিক ইস্যুতে দুই দেশের শীর্ষ নেতার এমন পাল্টাপাল্টি অবস্থানে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *