শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক চেয়ারম্যান পদপ্রার্থীর অভিনব নির্বাচনী প্রচারণা ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ছাপানো একটি পোস্টারে দেশের প্রধান দুই রাজনৈতিক বলয়ের তিন শীর্ষ নেতার ছবি একসাথে ব্যবহার করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
আলোচিত এই প্রার্থীর নাম ফাহিম হাসান রনি মাঝি। তিনি নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাসিন্দা এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি নিজেকে নির্দলীয় ও নিরপেক্ষ প্রার্থী হিসেবে দাবি করে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সম্প্রতি এলাকায় টানানো ওই পোস্টারটিতে দেখা যায়, এর বাম পাশে শেখ মুজিবুর রহমান এবং ডান পাশে জিয়াউর রহমানের ছবি রয়েছে। পোস্টারের মাঝখানে স্থান পেয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি। নিচে নিজেকে ‘নির্দলীয়’ প্রার্থী হিসেবে পরিচয় দিয়েছেন রনি মাঝি।
এই বিষয়ে ফাহিম হাসান রনি মাঝি জানান, তিনি রাজনীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে নির্বাচন করতে চান। তিনি বলেন, “শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা যুদ্ধে অবদান অনস্বীকার্য, তিনি আমার কাছে মহান। একইভাবে জিয়াউর রহমানের অবদানও আমি অস্বীকার করি না। আর তারেক রহমান বর্তমানে দেশের প্রধানমন্ত্রী, তাকে অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা।”
তবে একই ফ্রেমে এই তিন নেতার ছবি ব্যবহার করায় স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিষয়টিকে একটি রাজনৈতিক কৌশল হিসেবে দেখলেও, অনেকেই একে নীতিবিবর্জিত প্রচারণা বলে সমালোচনা করছেন।



