দুদকের পরবর্তী চেয়ারম্যান হতে পারেন সাবেক বিচারপতি মোতাহার হোসেন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) শূন্য হওয়া চেয়ারম্যান পদে নিয়োগ পেতে পারেন সাবেক বিচারপতি মোতাহার হোসেন। বিভিন্ন সংবাদমাধ্যমে তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকেই জনমনে এবং রাজনৈতিক অঙ্গনে এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মূলত দীর্ঘ ১৮ বছর বিচার বিভাগে রাজনৈতিক প্রভাব বলয় ভাঙার ক্ষেত্রে তাকে একজন আপসহীন ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে।

২০১৩ সালের ১৭ নভেম্বর তৎকালীন সরকার কর্তৃক বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে আনীত অর্থপাচার মামলার রায় ঘোষণা করেছিলেন বিচারপতি মোতাহার হোসেন। মামলার নথিপত্রে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি তারেক রহমানকে বেকসুর খালাস প্রদান করেন। অভিযোগ রয়েছে, সে সময় সরকারের পক্ষ থেকে সাজা দেওয়ার জন্য তাকে প্রচণ্ড চাপের মুখে রাখা হয়েছিল।

তৎকালীন পরিস্থিতি পর্যালোচনা করে জানা যায়, মিথ্যা রায় দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দিয়েছিলেন। এমনকি এজলাসে ওঠার আগে সরকারের পক্ষ থেকে তৈরি করা একটি রায় তাকে পড়তে বলা হলেও, তিনি নিজের লেখা সততা ও আইনসম্মত রায়টিই পাঠ করেন। এরপরই জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়লে তিনি আত্মগোপনে চলে যান এবং একপর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন।

নির্বাসিত জীবনে বিচারপতি মোতাহার হোসেনকে চরম প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীর অসুস্থতার কঠিন দিনগুলোতেও তিনি দেশে ফিরতে পারেননি। বর্তমানে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে দুদকের মতো সংস্থায় তার মতো নির্ভীক ও সৎ একজন ব্যক্তির প্রয়োজনীয়তা দেখছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply