আগামীকাল থেকে কোচিং সেন্টার ও ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ: শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সারা দেশের সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রম আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটির শেষ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় জানানো হয়েছে, বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামসহ সব ধরণের কোচিং সেন্টারের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। একই সঙ্গে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও সোমবার থেকে ঈদের ছুটি শুরু হবে এবং সরকার ঘোষিত ছুটি শেষ না হওয়া পর্যন্ত কোনো শ্রেণি কার্যক্রম চলবে না।

তবে বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জানানো হয়েছে যে, শুধুমাত্র তাদের আবশ্যিক পরীক্ষাগুলো আগের নির্ধারিত শিডিউল অনুযায়ী স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে অনুষ্ঠিত হতে পারবে।

পবিত্র মাহে রমজানে ঢাকাসহ বড় শহরগুলোর অসহনীয় যানজট ও জনভোগান্তি নিরসন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই ছুটির সিদ্ধান্ত গৃহীত হয়।

ইতিমধ্যেই এই নির্দেশনার কপি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক এবং সব জেলা প্রশাসককে (ডিসি) বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *