ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার অন্যতম সহযোগী আলমগীর ভারতে গ্রেফতার হয়েছেন। রোববার (৮ মার্চ) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই (ANI) এবং পশ্চিমবঙ্গের প্রভাবশালী গণমাধ্যম ‘এই সময়’ এই গ্রেফতারির তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) অভিযান চালিয়ে ‘রাহুল’ ছদ্মনামে আত্মগোপনে থাকা ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে। গত ১২ ডিসেম্বর ঢাকায় হাদিকে গুলি করার পরপরই তারা সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করে বলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছিল। হাদিকে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল এবং তৎকালীন সরকার হাদির স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তদন্তে উঠে এসেছিল যে, ফয়সাল ও আলমগীর একটি মোটরসাইকেলে করে এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর তারা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে মেঘালয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এর আগে কয়েকজনকে গ্রেফতার করা হলেও মূল শুটার ফয়সাল ধরাছোঁয়ার বাইরে ছিল। ভারতীয় পুলিশের এই সাফল্যকে বাংলাদেশ ও ভারত—উভয় দেশের গোয়েন্দা সংস্থাগুলো একটি বড় অর্জন হিসেবে দেখছে। এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।



