রাজধানীর শাহবাগ এলাকায় সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, দুপুরে হাইকোর্টের পরিচ্ছন্নতা কর্মীরা বাউন্ডারির ভেতরে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছিলেন। এ সময় প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড পড়ে থাকতে দেখেন তারা। তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা-পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং গ্রেনেডগুলো উদ্ধার করে।
পরে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। বিশেষজ্ঞ দলটি ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডগুলো পরীক্ষা-নিরীক্ষা করে নিরাপদ হেফাজতে নেয়। এরপর জননিরাপত্তার স্বার্থে নিকটস্থ সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করা হয়।
আদালত প্রাঙ্গণে কীভাবে এবং কারা এসব সাউন্ড গ্রেনেড ফেলে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পর সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।



