যশোরের অভয়নগরে পাচারকালে ৫৬ বস্তা সরকারি সার জব্দ; আটক ১

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

যশোরের অভয়নগরে পাচারের সময় ৫৬ বস্তা সরকারি সার জব্দ করা হয়েছে। রোববার (৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নওয়াপাড়া স্টেশন বাজারের ঢালাই রাস্তা ও জগো বাবুর মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়। অভিযানে সার পরিবহনে ব্যবহৃত একটি নসিমন জব্দ এবং চালক সাবিরুল মোল্যাকে আটক করেছে পুলিশ। আটক সাবিরুল নওয়াপাড়া আমডাঙ্গা গ্রামের বাসিন্দা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন এবং অভয়নগর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নওয়াপাড়া পীরবাড়ি ঘাট থেকে ‘দেশ ট্রেডার্স’-এর ৪০০ বস্তা ইউরিয়া সার একটি ট্রাকে করে যশোর বাফার গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে নওয়াপাড়া স্টেশন বাজারের পাশে ট্রাক থেকে ৬ বস্তা সার ভ্যানে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন চালক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক দাবি করেন, অতিরিক্ত লোড হওয়ার কারণে সারগুলো নামানো হয়েছে। তবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কৌশলে ওই ট্রাকচালক পালিয়ে যান। পরবর্তীতে সেখান থেকে ৬ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

অন্যদিকে, জগো বাবুর মোড় এলাকায় তল্লাশি চালিয়ে একটি নসিমন থেকে আরও ৫০ বস্তা ডিএপি সার জব্দ করে অভিযানকারী দল। এই সারের উৎসের বিষয়ে নসিমন চালক কোনো সদুত্তর দিতে না পারায় তাকে আটক করা হয়। জব্দকৃত মোট ৫৬ বস্তা সার বর্তমানে উপজেলা কৃষি অফিসে রাখা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়েছে। আটক চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *