ইরানের সাধারণ জনগণকে জরুরি বার্তা দিয়ে ঘরের ভেতরে ও নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। রোববার (৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অভিযোগ করেছে যে, ইরানি বাহিনী ইচ্ছাকৃতভাবে জনবহুল এলাকা ব্যবহার করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সেন্টকমের কমান্ডার ব্রাড কুপার এক বিবৃতিতে জানান, ইরানি শাসকগোষ্ঠী তাদের জনগণের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে বেসামরিক জীবনের প্রতি চরম অবহেলা প্রদর্শন করছে। বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে যে, জনবহুল এলাকা থেকে সামরিক কার্যক্রম পরিচালিত হলে সেসব স্থান আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত অবস্থান হারিয়ে বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
অন্যদিকে, ইরানের পক্ষ থেকে যুদ্ধের নীতি নিয়ে কঠোর অবস্থান জানানো হয়েছে। দেশটির খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আবদোলরহিম আব্দোল্লাহি বলেছেন, শত্রুকে পুরোপুরি পরাজিত ও অনুতপ্ত না করা পর্যন্ত ইরান তাদের লড়াই চালিয়ে যাবে। তিনি দাবি করেন, ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র ও অস্ত্র ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি নির্ভুল ও শক্তিশালী, যা যুদ্ধক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখছে।
এদিকে, ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। দেশটির বিশেষজ্ঞ পরিষদের সদস্য আহমাদ আলামুলহোদা জানিয়েছেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিশেষজ্ঞ পরিষদের প্রধান হোসেইনি বুশেহরি শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন নেতার নাম ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।



