তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে পালন করা হবে। সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বর্তমান সামাজিক প্রেক্ষাপটে কিশোর গ্যাং ও মাদককে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মাদকের উৎস ও বিস্তার চিহ্নিত করে তা সমূলে উৎপাটন করতে হবে। পাশাপাশি কিশোর গ্যাং সমস্যা মোকাবিলায় স্কুল-কলেজে সচেতনতামূলক প্রচারণা এবং অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। ময়মনসিংহে অবৈধ অস্ত্র উদ্ধারে আভিযানিক কার্যক্রম জোরদার করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
শহরের যানজট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শুধু অটোরিকশা বা সিএনজিকে দায়ী না করে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। হাসপাতালের সামনে এলোমেলো অ্যাম্বুলেন্স পার্কিং এবং সড়কের ওপর বসা অবৈধ দোকান উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি। এছাড়া দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি আশ্বস্ত করেন যে, বিশ্বে অস্থিরতা থাকলেও দেশে পর্যাপ্ত পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে। তবে পাম্পগুলোর কৃত্রিম সংকট বা অনিয়ম ঠেকাতে প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এমপি আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন। জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ র্যাব ও বিজিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বাজার ব্যবস্থাপনা ও অপরাধ দমনসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



