দেশে জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর, স্বচ্ছ ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগে জাকাত ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বৈঠকে প্রধানত জাকাত ব্যবস্থার মাধ্যমে কীভাবে দেশের দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে বর্তমান ‘জাকাত বোর্ড’ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই কমিটিতে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং শীর্ষস্থানীয় ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেমদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, ধর্ম মন্ত্রণালয় আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম প্রস্তাব করবে। এই কমিটি জাকাত ব্যবস্থাপনা ও বোর্ড পুনর্গঠন নিয়ে একটি সুনির্দিষ্ট সুপারিশমালা প্রধানমন্ত্রীর কাছে পেশ করবে।
উল্লেখ্য, গত ৭ মার্চ আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছিলেন যে, সুষ্ঠু জাকাত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশ থেকে দারিদ্র্য বিমোচন সম্ভব। সেই ঘোষণার ধারাবাহিকতায় আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে ধর্মমন্ত্রী ও ধর্ম সচিব ছাড়াও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ উপস্থিত ছিলেন।



