দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা পাবেন। একইসঙ্গে প্রতিটি শিক্ষকের হাতে উন্নতমানের ট্যাব পৌঁছে দেওয়া হবে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই পরিকল্পনার কথা জানিয়েছেন। সোমবার (৯ মার্চ) রাতে শিক্ষামন্ত্রীর মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাচনি ইশতেহারে শিক্ষাখাতের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ১৮০ দিন বা ছয় মাসের একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সোমবার শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই কর্মসূচির বিস্তারিত রূপরেখা প্রণয়ন করা হয়।
এই কর্মসূচির অন্যতম আকর্ষণ হলো ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্প, যার মাধ্যমে প্রত্যেক শিক্ষককে ডিজিটাল পাঠদানে সক্ষম করতে ব্যক্তিগত ট্যাব দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণামূলক কাজ ও অনলাইন শিক্ষায় উদ্বুদ্ধ করতে ফ্রি ওয়াই-ফাই জোন তৈরি করা হবে। এছাড়া বর্তমান শিক্ষা কারিকুলাম রিভিউ বা পুর্নমূল্যায়ন করাকেও এই ১৮০ দিনের কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্পগুলোর বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।



