‘১৭ বছরের জঞ্জাল বিএনপি সরকারকেই পরিষ্কার করতে হবে’: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশে কোনো নির্বাচিত সরকার ছিল না। এই দীর্ঘ সময়ে জমে থাকা শাসনতান্ত্রিক ও প্রশাসনিক জঞ্জাল এখন বর্তমান বিএনপি সরকারকেই পরিষ্কার করতে হচ্ছে। তিনি উল্লেখ করেন, বর্জ্য ও আবর্জনা দূর করে দেশকে একটি সুন্দর কাঠামোর ওপর দাঁড় করানো এখন তাদের অন্যতম চ্যালেঞ্জ।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজার এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, দেশের খালগুলোকে শতভাগ দখলমুক্ত করা হবে এবং খনন কাজ সফল করতে স্থানীয় সচেতন মহলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। একটি দেশপ্রেমিক সরকার হিসেবে এ কাজে তিনি দেশবাসীর পূর্ণ সহযোগিতা কামনা করেন।

আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সফরের কথা উল্লেখ করে এ্যানি বলেন, প্রধানমন্ত্রী ওই দিন দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুরে প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর মাধ্যমেই সারা দেশে একযোগে খাল খনন কর্মসূচি শুরু হবে। তিনি আরও জানান, ইতোমধ্যে লক্ষ্মীপুরের তিনটি গুরুত্বপূর্ণ খাল পরিদর্শন করা হয়েছে।

মন্ত্রী জোর দিয়ে বলেন, কেবল খনন করলেই হবে না, বরং খালগুলোতে যে বিপুল পরিমাণ বর্জ্য ও আবর্জনা রয়েছে তা আগে পরিষ্কার করতে হবে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করা না গেলে জনগণ এই প্রকল্পের প্রকৃত সুফল পাবে না। জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে থাকবে বলে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *