এসএসসি ও পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের উদ্যোগ: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের পাবলিক পরীক্ষা পদ্ধতিকে আরও কার্যকর ও আধুনিক করতে বিদ্যমান আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নে আইন সংস্কারের কাজ চলছে। তবে সময়স্বল্পতার কারণে আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় এই নতুন আইন বাস্তবায়ন করা সম্ভব হবে না। এ কারণে আসন্ন পরীক্ষাগুলো বর্তমান নিয়মেই সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুশাসন নিয়ে মন্ত্রী কঠোর বার্তা প্রদান করেন। তিনি বলেন, ম্যানেজিং কমিটি বা পরিচালনা পর্ষদ গঠনের ক্ষেত্রে এখন থেকে শিক্ষিত ও সমাজে অবদান রাখা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনোভাবেই কম শিক্ষিত বা যাদের শিক্ষার প্রতি অনুরাগ নেই, তাদের কমিটিতে রাখা হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যে নীতিনির্ধারণী আলোচনা চলছে এবং দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে মন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ারও বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *